Jan 10, 2026
প্রেস বিজ্ঞপ্তি
১২ জানুয়ারি 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস' উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নানা আয়োজন ও প্রস্তুতি সম্পন্ন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১০ জানুয়ারি ২০২৫
১২ জানুয়ারি ২০২৬, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৫৫ বছর অতিক্রম করে ৫৬ বছরে পদার্পন করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন নানা আয়োজনের মধ্যদিয়ে এ দিবসটি পালন করার প্রস্তুতি গ্রহণ করেছে। ১৯৭১ সালের ১২ জানুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল এস এম আহসান এ বিশ্ববিদ্যালয়ের শুভ উদ্বোধন করেন। এরআগে ১৯৭০-১৯৭১ শিক্ষাবর্ষে ৪ জানুয়ারি অর্থনীতি, ভূগোল, গণিত এবং পরিসংখ্যান-এই চারটি বিভাগে ভর্তিকৃত (প্রথম ব্যাচে) ১৫০জন ছাত্র নিয়ে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। এ বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন ড. সুরত আলী খান। বিশিষ্ট রসায়নবিদ অধ্যাপক ড. মফিজ উদ্দিন আহমদ প্রথম উপাচার্য হিসেবে এ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করেন। ২০০১ সাল থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ দিনটিকে 'বিশ্ববিদ্যালয় দিবস' হিসেবে পালন করে আসছে।
১২ জানুয়ারি সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনের সামনে 'মৃতমঞ্চে' বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিদের জমায়েত শুরু হবে। সকাল দশটায় প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান জাতীয় পতাকা উত্তোলন এবং ভাষণ দানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ ড. মো. আবদুর রব উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করবেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানের পর সকাল সাড়ে দশটায় উপাচার্যের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে সেলিম আল-দীন মুক্তমঞ্চে গিয়ে শেষ হবে। বেলা এগারোটায় সেলিম আল-দীন মুক্তমঞ্চে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের আরোগ্য কামনায় এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হবে। বেলা সোয়া এগারোটায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের চত্বরে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করা হবে। বেলা পৌনে বারোটায় সেলিম আল-দীন মুক্তমঞ্চে প্রাক্তন-বর্তমান শিক্ষক-শিক্ষার্থীগণের স্মৃতিচারণ, বেলা তিনটায় পুতুল নাচ ও কলতান বিদ্যা নিকেতনের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, একই সময়ে কেন্দ্রীয় খেলার মাঠে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ, বিকেল চারটায় একই মাঠে প্রাক্তন-বর্তমান নারী শিক্ষার্থীদের মধ্যে প্রীতি হ্যান্ডবল ম্যাচ, সন্ধ্যে ছয়টায় সেলিম আল-দীন মুক্তমঞ্চে ছাত্র-শিক্ষক কেন্দ্র এবং শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে। এছাড়াও দিবসটি উপলক্ষে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চত্বরে পিঠা মেলার আয়োজন থাকবে। এই সময়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আল্পনা ও গ্রাফিতি প্রদর্শন করা হবে।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- Institutionalizing Innovation, Technology Transfer and IP Protection: Role of Stakeholders at Jahangirnagar University শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ২০২৪ সালের ১৪, ১৫ ও ১৭ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের চলমান বিচার কার্যক্রমের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
- ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান
- জাবি উপাচার্যের সঙ্গে জাপানের জিসি মেডিক্যাল ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- নাট্যাচার্য সেলিম আল দীনের ১৯তম প্রয়াণ দিবস পালিত
- সাবেক ৩ বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বই খুলেছে জাবি প্রশাসন
- বাংলা বিভাগে অধ্যাপক ড. মাহবুব আহসান খান স্মারক বৃত্তি প্রদান ও সেমিনার অনুষ্ঠিত
- ১২ জানুয়ারি 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস' পালিত \ ‘শুধু জ্ঞান অর্জনই নয়, নৈতিকতার চর্চাও সমুন্নত রাখতে হবে’ -জাবি উপাচার্য
- ১২ জানুয়ারি 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস' উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নানা আয়োজন ও প্রস্তুতি সম্পন্ন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত