“Readiness of Jahangirnagar University to Times Higher Education and QS Ranking” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
Sep 30, 2026

প্রেস বিজ্ঞপ্তি

“Readiness of Jahangirnagar University to Times Higher Education and QS Ranking” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ৩০ সেপ্টেম্বর ২০২৬

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে “Readiness of Jahangirnagar University to Times Higher Education and QS Ranking” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে নতুন উচ্চতায় পৌঁছে দিতে আমরা অন্তর্ভুক্তিমূলক ও প্রযুক্তিনির্ভর আধুনিকায়নের রূপকল্প গ্রহণ করতে চাই। প্রশাসনিক ও শিক্ষাবিষয়ক কার্যক্রম ডিজিটালাইজেশনের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের সেবাপ্রাপ্তি সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। প্রশাসনিক দীর্ঘসূত্রতা নিরসন করে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে ওঠে দক্ষ ও যোগ্য জনবলকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করাই বর্তমান প্রশাসনের লক্ষ্য। উপাচার্য বলেন, বৈশ্বিক যোগাযোগ সক্ষমতা বাড়াতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাষা কেন্দ্রকে পূর্ণাঙ্গ ইনস্টিটিউটে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে স্পষ্ট লক্ষ্য ও গুণগত ফলাফল নিশ্চিত করতে প্রয়োজনীয় অর্থ সংস্থান করা হবে। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়কে উচ্চতর মর্যাদায় প্রতিষ্ঠিত করতে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ ও আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. সোহেল রানা। উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম উপস্থিত ছিলেন।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি’র অধ্যাপক ড. এম. শামীম কায়সার। তিনি বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়ন ও আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে অবস্থান সুদৃঢ় করতে প্রাসঙ্গিক তথ্য ও কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিয়মিত তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। এ ক্ষেত্রে বিভিন্ন বিভাগের সঙ্গে সরকারি দপ্তরগুলোর যৌথ কার্যক্রম, ছাত্র ও ছাত্রীদের অনুপাত, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সচিত্র প্রতিবেদন এবং ব্যতিক্রমী ও অনন্য আয়োজনের সচিত্র সংবাদ প্রকাশের প্রয়োজনীয়তা উল্লেখ করেন। পাশাপাশি বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীদের দ্বিপাক্ষিক শিক্ষা সহযোগিতার তথ্য ওয়েবসাইটে প্রকাশের ওপর গুরুত্ব দেন। বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মামুন অর রশীদ তাঁর উপস্থাপনায় বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীদের দ্বিপাক্ষিক শিক্ষা ও গবেষণা সহযোগিতা এবং সমঝোতা স্মারকের তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও বিভিন্ন প্রচারমাধ্যমে তুলে ধরতে হলে বলে জানান। পাশাপাশি বিদেশি ভাষায় দক্ষতা অর্জন ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কিত তথ্য, বিভাগগুলোর বিস্তারিত কোর্স ক্যাটালগ এবং বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের নির্মিত প্রামাণ্যচিত্র প্রকাশের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শামীম আল মামুন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, বিভাগের সভাপতি, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক ও উচ্চ পদস্থ কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

 

মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি

পরিচালক (ভারপ্রাপ্ত)

Recent Press Releases