জাবি বার্ষিক সিনেট অধিবেশন অনুষ্ঠিত
Jun 27, 2026
Jun 27, 2026
প্রেস বিজ্ঞপ্তি
জাবি বার্ষিক সিনেট অধিবেশন অনুষ্ঠিত
বৈষম্যহীন সমাজ বিনির্মাণে নৈতিক শিক্ষা ও সুশাসনের বিকল্প নেই -জাবি উপাচার্য ড. কামরুল আহসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৭ জুন ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, বৈষম্যহীন সমাজ বিনির্মাণে নৈতিক শিক্ষা ও সুশাসনের বিকল্প নেই। নৈতিকতা পুস্তক পড়ে কিংবা গল্প শুনে অর্জন করা যায় না। এজন্য প্রয়োজন সদগুণ চর্চা। মূল্যবোধ তথা সদগুণের চর্চা শুধু হ্রাসই পায়নি বরং প্রায় বিপন্ন হতে চলেছে। আজ বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে বেলা তিনটায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪৩-তম বার্ষিক সিনেট অধিবেশনে সভাপতির ভাষণে উপাচার্য এসব কথা বলেন। উপাচার্য তাঁর ভাষণে আরও বলেন, মূল্যবোধের অবক্ষয় একজন শিক্ষার্থীর টেকসই জীবন ব্যবস্থার জন্য অন্তরায়। শিক্ষার্থীদের মেধার পাশাপাশি নৈতিকতার বিকাশ সাধন জরুরি। উপাচার্য বলেন, এমন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে যাতে লক্ষ্য অর্জন সম্ভব হয়। তিনি বলেন, এমন পাঠ্যক্রম থাকবে, যার ভিত্তিতে শিক্ষার্থী জ্ঞান অর্জনের পাশাপাশি সহানুভূতি, সহমর্মিতা এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোধ প্রদর্শনের মতো মানবিক গুণাবলি অর্জন করতে পারে। উপাচার্য নব নির্বাচিত সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং শিক্ষাবিদদের সম্মিলিত প্রয়াসে এই স্বপ্ন আলোর মুখ দেখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রসঙ্গে উপাচার্য বলেন, আন্তর্জাতিক মানসম্মত উচ্চশিক্ষা এবং শিক্ষা পরবর্তী কর্মসংস্থান নিশ্চিত করতে কার্যকর কমিশন দরকার। এই প্রেক্ষাপটে উচ্চশিক্ষার প্রসার ও মান নিয়ন্ত্রণে একটি শক্তিশালী এবং স্থায়ী উচ্চশিক্ষা কমিশন গঠন করতে হবে। উচ্চ শিক্ষার মানোন্নয়ন, উৎকর্ষ সাধন একইসাথে বৃহৎ এই পরিসরকে সংগঠিত এবং যুগোপযোগী করতে উচ্চ শিক্ষা কমিশন হতে পারে কার্যকরী পদক্ষেপ।
কর্মসংস্থানমুখি, বাস্তব প্রয়োজনের সাথে সঙ্গতিপূর্ণ শিক্ষার প্রসারে বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ ও ইনস্টিটিউট খোলা প্রসঙ্গে উপাচার্য বলেন, কৃষি অনুষদ বা কৃষিভিত্তিক গবেষণা সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত। উপাচার্য একই সঙ্গে স্বাস্থ্যসেবার দিক থেকেও মেডিক্যাল অনুষদের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
শিক্ষার্থীদের দুর্ভোগ কমানো এবং শিক্ষা সহায়ক সেবা কার্যক্রমকে গতিশীল করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অটোমেশনে প্রবেশ প্রসঙ্গে উপাচার্য বলেন, অটোমেশনের ক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অগ্রগতি সাধন করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, সমন্বিত, প্রযুক্তিনির্ভর ও শিক্ষার্থীবান্ধব ডিজিটাল ক্যাম্পাসে রূপান্তরের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে গঠিত ‘অটোমেশন সেল’ বিশ্ববিদ্যালয়ের সার্বিক অটোমেশন কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে।
ঘাটতি বাজেট পূরণ করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ উল্লেখ করে উপাচার্য বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম বড় সংকট বাজেট ঘাটতি। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো মূলত সরকারি বরাদ্দের ওপর নির্ভরশীল। কিন্তু সেই বরাদ্দের চাহিদা প্রতিবছর বাড়তে থাকলেও চাহিদার বিপরীতে বরাদ্দ কমই থাকছে। আমরা চাই সরকার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি দীর্ঘমেয়াদি অর্থায়ন নীতি তৈরি করুক এবং বাজেটে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণাসহ সবদিক প্রাধান্য দিয়ে প্রকৃত ব্যয়ের চাহিদা পূরণ করুক। মাস্টার প্ল্যান প্রণয়নের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে উল্লেখ করে উপাচার্য বলেন, বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যান পূর্ণাঙ্গভাবে পরিমার্জিত রূপে প্রণয়নের উদ্দেশ্যে টেকনিক্যাল ম্যানেজমেন্ট কমিটি পুনর্গঠনের উদ্যোগ গ্রহণ করে মাস্টার প্ল্যান প্রণয়নের লক্ষ্যে একটি নতুন অফিস চালু করা হয়েছে। অধিবেশনে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব ২০২৫-২০২৬ অর্থ বছরের ৩৪৮ কোটি ২৫ লক্ষ ৬৪ হাজার টাকার সংশোধিত বাজেট এবং ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লক্ষ ৫ হাজার টাকার মূল বাজেট উপস্থাপন করেন এবং তা পাশ হয়।
অধিবেশনে উপ-উপাচার্য (শিক্ষ) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম তাদের বক্তব্য তুলে ধরেন। অধিবেশনে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান শোক প্রস্তাব করেন।
ড. মোহাম্মদ মহিউদ্দিন
পরিচালক (ভারপ্রাপ্ত), জনসংযোগ অফিস
Recent Press Releases
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সঙ্গে সুপ্রিম সিড কোম্পানি লিমিটেডের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর
- University Ranking: Action Plan শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- জাবি বার্ষিক সিনেট অধিবেশন অনুষ্ঠিত
- আগামীকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৩-তম বার্ষিক সিনেট অধিবেশন || সকল প্রস্তুতি সম্পন্ন
- কেন্দ্রীয় ও অনুষদভিত্তিক পরিচিতিমূলক অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে CRISPR/Cas9 Genome Editing বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
- জেইউ-সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭ম পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ডিপিডিডি-এর সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান আগামীকাল