জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান আগামীকাল
Jun 18, 2026
প্রেস বিজ্ঞপ্তি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের
প্রবেশিকা অনুষ্ঠান আগামীকাল ।।
নবাগত সকল শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে -উপাচার্য
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৮ জুন ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের ‘প্রবেশিকা’ অনুষ্ঠান আগামীকাল (১৯ জুন ২০২৬) বেলা চারটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত হবে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিবেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জামাল উদ্দিন। অনুষ্ঠানে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটে ভর্তিকৃত শিক্ষার্থীদের স্ব স্ব অনুষদের ডিন এবং পরিচালকের নিকট পাঠদানের জন্য উপস্থাপন করবেন এবং তাঁরা নবাগত শিক্ষার্থীদের পাঠদানের জন্য বরণ করে নিবেন। আজ উপাচার্য এক বিবৃতিতে নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। উপাচার্য বলেন, আবাসিক হলগুলোতে প্রত্যেক শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আবাসিক হলগুলোতে শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিত করার জন্য উপাচার্য হল প্রশাসন এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
ড. মোহাম্মদ মহিউদ্দিন
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ অফিস
Recent Press Releases